হবিগঞ্জের বাহুবলে পুলিশ ও শ্রমিক সংঘর্ষে সাত পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার মিরপুর বাজারে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচলে বাধা দিয়ে আসছিল হাইওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মিরপুর বাজার থেকে দুইটি সিএনজি অটোরিকশা আটক করে হাইওয়ে থানা পুলিশ। তখন শ্রমিকরা পুলিশকে বাধা দেয়। এ নিয়ে বাগিবতণ্ডা হয়। এক পর্যায়ে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে আকটকৃত অটোরিকশাগুলো ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। তখন সিএনজি শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। খবর পেয়ে বাহুবল মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আহত পুলিশ সদস্যরা সদর আধুনিক হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। অন্যান্য শ্রমিককে স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া হয়। বাহুবল অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জয়নাল আবেদিন বলেন, সরকারি কাজে বাধা দিয়ে শ্রমিকরা বড়ো অন্যায় করেছে। বাহুবল মডেল থানার ওসি মো. কামরুজ্জামান পুলিশ ও শ্রমিক সংঘর্ষের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, কতজন পুলিশ আহত হয়েছে তা জানতে পারিনি। তবে তারা হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন।
