মুরাদনগরে ৫০০ অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৩

মুরাদনগর উপজেলায় অন্তত ৫০০ পরিবারে ব্যবহূত অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এ সময় ভুক্তভোগীরা অবৈধভাবে গ্যাসের আবাসিক সংযোগ দেওয়ার মাধ্যমে সাধারণ গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান ও দালালচক্রের সিন্ডিকেটদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানায়। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার পালাসুতা গ্রামে উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, বাখরাবাদ গ্যাসের ডিজিএম (সেফটি-এন্ড সিকিউরিটি) হেলালউদ্দিন শিকদারের নেতৃত্বে ও র্যাব-পুলিশের সমন্বয়ে এই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে বাখরাবাদ গ্যাসের ডিজিএম (সেফটি-এন্ড সিকিউরিটি) হেলালউদ্দিন শিকদার বলেন, ছয় মাস আগে বাখরাবাদ কর্মকর্তারা ঐ এলাকার অবৈধ গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন করতে গেলে চক্রটি তাদের বাধা দেয়। ঐ সময় তাদের কিছুক্ষণ জিম্মি করে রাখা হয়। পরে মন্ত্রণালয়ের আদেশক্রমে বুধবার অভিযান চালিয়ে প্রায় ৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিনি আরো বলেন, এই অবৈধ গ্যাস সরবরাহ দেওয়ার কারণে বৈধ সংযোগ নেওয়া গ্রাহকরা প্রয়োজনীয় চাপের (প্রেসারের) গ্যাস পাচ্ছেন না। বৈধ গ্রাহকদের নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতকরণ ও অবৈধ সংযোগের সংখ্যা কমাতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। অবৈধ গ্যাস সংযোগ প্রদানকারীদের বিরুদ্ধে অচিরেই দুদকে মামলা করা হবে।