মিরপুর স্টেডিয়ামের বিসিবি একাডেমি মাঠে তখন একঝাঁক ক্রিকেটার। বিভিন্ন প্রান্তে রানিং, ফিল্ডিং অনুশীলন করছেন অনেকে। এর মধ্যেই দুপুরে একাডেমি মাঠে এসে রানিং শুরু করেন মোশাররফ হোসেন রুবেল। যুবরাজ সিংয়ের পর ক্যানসারের লড়াই জিতে আবার মাঠে ফেরার মিশনে নেমেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। রানিংয়ের পর একাডেমি মাঠের নেটে তামিম ইকবালকে বোলিংও করেছেন এই বাঁহাতি স্পিনার।
আসন্ন জাতীয় ক্রিকেট লিগে খেলার প্রস্তুতি নিচ্ছেন মোশাররফ রুবেল। গত মার্চে তার মস্তিষ্কে ব্রেন টিউমার ধরা পড়েছিল। তারপর সবার সহযোগিতায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। এখনো ক্যানসারের সঙ্গে যুদ্ধটা চলছে এই ক্রিকেটারের। পুরোপুরি সুস্থ হতে আরো কয়েকটি কেমোথেরাপি নিতে হবে তাকে।
ক্যানসারের সঙ্গে যুদ্ধটা জিততে চান মোশাররফ রুবেল। পাশাপাশি মাঠে ফিরতেও মুখিয়ে তিনি। গতকাল একাডেমি মাঠে তিনি বলেছেন, ‘আমি অবশ্যই এখন থেকে অনুশীলন করছি। আগেও অনুশীলন করেছি। যুদ্ধ তো করতেই হবে। জীবনের সঙ্গে যুদ্ধ, মাঠের সঙ্গে যুদ্ধ—মানে দুই জায়গাতেই করতে হচ্ছে। আসলে কি করার আছে, করতে হবে। আমি চেষ্টা করে যাচ্ছি যতটুকু ফাইট করা যায়, সারভাইভ করা যায়।’
কেমোথেরাপি চললেও খেলতে পারবেন মোশাররফ রুবেল। কেমোথেরাপির দিনগুলোর পর সপ্তাহ গড়াতেই মাঠে নামতে পারবেন তিনি।
