কুমিল্লা উপ-অঞ্চল চট্টগ্রাম আঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৪৮তম গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতায় শিরোপা অক্ষুণ্ন রেখেছে। ২০০৮ সাল থেকে কুমিল্লা উপ-অঞ্চল টানা চ্যাম্পিয়ন হয়ে আসছে। গত মঙ্গলবার চট্টগ্রাম আউটার স্টেডিয়াম সংলগ্ন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নবনির্মিত সুইমিং পুলের ট্র্যাকে রীতিমতো ঝড় তুলে অধিকাংশ পদক জিতে নেয় দলটি।
অন্য দুই অঞ্চলের মধ্যে সিলেট উপ-অঞ্চল রানার্সআপ হয়েছে। বরাবরের ন্যায় চট্টগ্রাম উপ-অঞ্চল এবারও তৃতীয় হয়েছে। তিন শিক্ষা উপ-অঞ্চলের বালক বড়ো, বালক মধ্যম, বালিকা বড়ো ও বালিকা মধ্যম গ্রুপের ১২০ জন সাঁতারু আঞ্চলিক সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার বিজয়ীরা আগামী ২৯ সেপ্টেম্বর হতে হযরত শাহ জালাল (র.) ও হযরত শাহ পরান (র.) এর স্মৃতি বিজড়িত পুণ্যভূমি সিলেট জেলা সদরে অনুষ্ঠিতব্য জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৪৮তম গ্রীষ্মকালীন ক্রীড়ার চূড়ান্ত আসরে অংশগ্রহণ করবে।
এদিন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাউশি চট্টগ্রাম উপ-অঞ্চলের উপপরিচালক হোসনে আরা বেগম। মাউশি কুমিল্লা অঞ্চলের উপপরিচালক রোকসানা ফেরদৌস মজুমদার ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্মসম্পাদক মো. আমিনুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন।
