ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং দাবা ফেডারেশনের আয়োজনে মার্সেল রেফ্রিজারেটর ৩৯তম জাতীয় মহিলা দাবার অষ্টম রাউন্ডের খেলা শেষে বর্তমান চ্যাম্পিয়ন আনসারের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ সাড়ে সাত পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন। সাত পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন ও মানিকগঞ্জের মহিলা ফিদে মাস্টার নজারানা খান ইভা। ছয় পয়েন্ট নিয়ে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির আহমেদ ওয়ালিজা তৃতীয় স্থানে রয়েছেন। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় দাবা কক্ষে অষ্টম রাউন্ডের খেলায় রানী হামিদ শারমীন সিম্মীকে, শিরিন মুনিয়াকে, ইভা ওয়াদিফা আহমেদকে, ওয়ালিজা নুশরাত লিজাকে, নোশিন আঞ্জুম ওয়ারসিয়া খুশবুকে হারান। আজ বিকাল তিনটা হতে একই স্থানে নবম বা শেষ রাউন্ডের খেলা শুরু হবে।
