ভারতে প্রকাশ্যে মলত্যাগ করায় দুই শিশুকে পিটিয়ে হত্যা করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, কেন্দ্রীয় রাজ্য মধ্যপ্রদেশের একটি গ্রামে সড়কের পাশে বসে দুটো দলিত শিশু বুধবার যখন মলত্যাগ করছিল তখন তাদের ওপর হামলা চালানো হয়। তাদের একজনের নাম রশ্নি (১২) এবং আরেকজন অভিনাষ (১০)।
ঐ দুই শিশুর পরিবার জানায়, তাদের বাড়িতে কোনো টয়লেট নেই। তাই বাধ্য হয়ে তারা প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যায়। দেশটিতে লাখ লাখ মানুষ খোলা জায়গায় মলত্যাগ করে থাকে। এর ফলে প্রায়শই ঝুঁকির মুখে পড়ে নারী ও শিশুর জীবন। পুলিশ কর্মকর্তা রাজেশ চান্ডেল বলেন, ‘দুটো শিশুকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।’ যে দুজনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বলেন তিনি। বুধবার সকালে এই ঘটনার পরপরই পুলিশ রামেশ্বর ইয়াদভ এবং হাকিম ইয়াদভ নামের উচ্চবর্ণের দুই ব্যক্তিকে গ্রেফতার করে। রশ্নি ও অভিনাষ আত্মীয়। অভিনাষের পিতামাতা রশ্নিকে তাদের বাড়িতে নিয়ে আসেন এবং তারপর থেকে সে অভিনাষদের বাড়িতেই বসবাস করছিল। অভিনাষের পিতা মনোজ বলেন, তিনি একজন দিনমজুর। বাড়িতে টয়লেট বানানোর মতো আর্থিক সামর্থ্য তার নেই। একই কথা বলেছেন, রশ্নির পিতাও। তিনিও জানান, দুবেলা খাবার যোগাতেই আমাদের হিমশিম খেতে হয়। তাই টয়লেট বানাব কী করে।
