বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান সরকার ক্যাসিনো ও মেগা প্রজেক্টগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে। জুয়ার আসর বানিয়েছে পুরো দেশটাকে।’ সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা ক্যাসিনোর চেয়ে বড়ো অপরাধ করেছেন। এ দেশের মানুষের ভোট ডাকাতি করে গণতন্ত্রকে হত্যা করেছেন। সংবিধানের অধিকার থেকে জনগণকে বঞ্চিত করেছেন। এটার জবাবদিহি জনগণের কাছে অবশ্যই দিতে হবে।’ গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ এবং উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা ফজলুর রহমান, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান মিলন, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদ প্রমুখ।
মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র রক্ষা, জাতীয় পতাকা রক্ষা এবং ভবিষ্যত্ প্রজন্মকে নিরাপদ ও তাদের চাকরির ব্যবস্থার লক্ষ্যে বিএনপি আন্দোলন করছে। ১২ বছর কি আপনারা আঙ্গুল চুষছিলেন? আপনারা একটা কথাও রাখেননি।’ তিনি অবিলম্বে পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানান। মির্জা আব্বাস বলেন, ‘কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সরকার আমাদের দেখা করতে দেয় না। যেখানেই যাই সেখানেই সরকার বাধা দিচ্ছে। যেখানেই বাধা দিচ্ছে সেখানেই মানুষের উপস্থিতি বাড়ছে।’
