উখিয়ায় একই পরিবারে চার জনকে গলা কেটে হত্যা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৮

উখিয়ায় একই পরিবারের চার জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। রত্নাপালং ইউনিয়নের পূর্বরত্না ঠুইন্নার হাডির মাথা বড়ুয়াপাড়া গ্রামে বুধবার গভীর রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন—কুয়েত প্রবাসী রুকেন বড়ুয়ার স্ত্রী মীলা বড়ুয়া (২৫), তাদের সন্তান রবিন (৫), রুকেন বড়ুয়ার মা সুখী বড়ুয়া (৬০) ও রুকেন বড়ুয়ার ভাতিজি শিপু বড়ুয়ার মেয়ে সনি বড়ুয়া (৪)।

পুলিশ জানায়, হত্যাকারীরা রুকেন বড়ুয়ার দোতলা বাড়ির পাশের আম গাছ বেয়ে ছাদে উঠে। তারপর সিঁড়ি দিয়ে নিচে নেমে চার জনকে গলা কেটে হত্যা করে। বাড়িতে টাকা ও স্বর্ণালঙ্কার থাকলেও হত্যাকারীরা কোনো কিছুই নেয়নি। হত্যাকাণ্ডের ঘটনাটি রহস্যজনক মনে করছে পুলিশ।

স্থানীয়রা জানান, রুকেনের পরিবারের সদস্যরা অন্য দিনের মতো বুধবার রাতেও খাওয়া-দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পার্শ্ববর্তী বাড়ির একটি মেয়ে রুকেনদের ফ্রিজে রাখা মাছ আনতে যায়। মেয়েটি অনেকক্ষণ ধরে ডাকাডাকি করলেও বাড়ির ভেতর থেকে কোনো সাড়া-শব্দ পাচ্ছিল না। পরে মেয়েটি আশপাশের মানুষদের ডাকলে গ্রামবাসী এগিয়ে আসতে শুরু করে। খবর পেয়ে উখিয়া থানা পুলিশ বাড়ির দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। পিবিআই, র্যাব, ডিবি, বিজিবিসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করে।

ঘটনাস্থলে জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরীও হাজির হন।

উখিয়ায় একই পরিবারে চার সদস্যকে গলা কেটে হত্যার ঘটনায় প্রশাসনসহ এলাকার মানুষের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়। হাজার হাজার উত্সুক জনতা ঘটনাস্থলে উপস্থিত হয়। উখিয়া থানার ওসি (তদন্ত) মো. নুরুল ইসলাম জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে তা হত্যা মামলা হিসেবে রুজু করা হবে।