মানিকগঞ্জে তুলার গুদামে আগুন

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৮

বৃহস্পতিবার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কামতা এলাকায় কয়েকটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল বেলা সোয়া ১১টার দিকে তুলার গোডাউনে থাকা মেশিন থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান গোডাউনের কর্মরত শ্রমিকরা।

শ্রমিক হালিমা খাতুন বলেন, সকালে কাজের সময় গোডাউনের পাশের একটি কক্ষের চলমান মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা পাশের কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আব্দুর রশিদ নামে কামতা এলাকার এক বাসিন্দা জানান, প্রায় দেড় বছর আগে গ্রামের ভেতর তুলার গোডাউন নির্মাণ করেন মহিদুর রহমান। সেখানে প্রায় ২৫-৩০ জন শ্রমিক তুলা বাছাইয়ের কাজ করেন। মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খন্দকার জান্নাতুল নাঈম জানান, ‘৯৯৯’-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাত্ক্ষণিকভাবে কিছু বলতে পারেননি তিনি।