জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছ থেকে হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার রবিউল ইসলাম রবিনের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে ঐ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীতে ডেইরি গেটের পাশ থেকে বুকে এবং মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় ঐ যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রবিন আশুলিয়া থানাধীন মোল্লাপাড়া এলাকার মৃত আব্দুর রহমান মিয়ার ছেলে। তিনি বাইপাইল এলাকায় হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ জানায়, সকালে পথচারীরা রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় ফোন করে তা জানায়। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহ্রাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের বুক, মাথা, চোখ ও কপালসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহত রবিউলের মা শিরিন আক্তার বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
