দক্ষ জনবল তৈরিতে উদ্যোক্তা অর্থনীতি শিক্ষায় গুরুত্ব

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২২:১১

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত প্রতিষ্ঠান ঢাকা স্কুল অব ইকোনমিক্স দক্ষ জনবল তৈরিতে অবদান রাখতে উদ্যোক্তা অর্থনীতি শিক্ষায় বিশেষ গুরুত্ব দিতে চায় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ। তিনি বলেন, গতানুগতিক পাঠ্যসূচীর বাইরেও শিক্ষার্থীদের দেশের বর্তমান অর্থনীতির সঙ্গে সাযুজ্য রেখে বাস্তবভিত্তিক শিক্ষা প্রদান করা হয়। গতকাল সোমবার রাজধানীর ইস্কাটনে ঢাকা স্কুল অব ইকোনমিক্স কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এ সময় উদ্যোক্তা অর্থনীতি বিষয়ের সমন্বয়কারী প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী বলেন, তরুণ উদ্যোক্তারা কীভাবে ব্যবসা শুরু করবে, এক্ষেত্রে অর্থায়নসহ কী কী চ্যালেঞ্জ রয়েছে এবং তা সমাধানে করণীয় বিষয়ে এ কোর্সটি বিশেষ গুরুত্ব দিচ্ছে।  সেই সঙ্গে মাঠ পর্যায়ে উদ্যোক্তাদের বর্তমান পরিস্থিতিও হাতে কলমে শেখানো হয়। এছাড়া উদ্যোক্তা তৈরির জন্য ইকোনমিক ইনকিউবেটর স্থাপনের লক্ষ্যে কাজ চলছে। এই ইনকিউবেটর উদ্যোক্তা তৈরির মূল আস্থাকেন্দ্রে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, উদ্যোক্তা অর্থনীতি বিষয়টি বাংলাদেশে প্রথমবারের স্নাতকোত্তর কোর্স হিসেবে চালু করতে বড় ভুমিকা রাখেন প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী। এ বিষয়ে তিনি একমাত্র উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত এবং তার একাধিক গবেষণা প্রবন্ধও রয়েছে।