মিয়ানমারকে কাঠগড়ায় দাঁড় করাতে সক্ষম হয়েছেন প্রধানমন্ত্রী :মতিয়া

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:৫১

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আমরা উভয় সংকটের মধ্যে আছি। একদিকে যেমন মানবিকতা সংকটে রয়েছি, অন্যদিকে, এদের নিয়ে অনেকে ষড়যন্ত্র করছে। তবে, মিয়ানমারকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে সক্ষম হয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জাতিসংঘে বিষয়টি নিয়ে চার দফা দাবি তুলে ধরবেন। অবশ্যই রোহিঙ্গাদের মিয়ানমার বাংলাদেশ থেকে নিতে হবে।’

গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘রোহিঙ্গা শরণার্থী : বহুমাত্রিক সংকটে বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে সঞ্চালনা করেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হকের সভাপতিত্বে সেমিনারে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব) মোহাম্মদ আলী শিকদার প্রমুখ।