সাতক্ষীরার তালায় এক নারীকে শ্লীলতাহানি করার ঘটনায় ইয়াছিন মোল্ল্যা (২৪) নামের এক বখাটে যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা প্রদান করেন। ইয়াছিন মোল্ল্যা উপজেলার তৈলকুপি গ্রামের আফছার মোল্ল্যার ছেলে।
আরও পড়ুন: অসুস্থ গরু জবাইয়ের অপরাধে দুই কসাইয়ের কারাদণ্ড
পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা ২টার দিকে কুমিরা ইউনিয়ন পরিষদের পাশ দিয়ে কমিউনিটি সেন্টারগামী ইটের রাস্তায় এক নারী দর্জি কাজ শেষে বাড়ি ফিরছিলেন।এ সময় ইয়াছিন মোল্ল্যা ওই নারীকে একা পেয়ে শ্লীলতাহানী ঘটায়। তার চিৎকারে পথচারীরা ইয়াছিনকে আটক করে পুলিশে খবর দেয়।পরে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় পাটকেলঘাটা থানার এক উপ-পরিদর্শক তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করে ও অভিযোগের বিষয়ে আসামিকে পড়ে শোনালে ইয়াছিন মোল্ল্যা তার দোষ স্বীকার করে। আসামি নিজের দোষ স্বীকার করায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম উপস্থিত সকলকে সর্তক করে বলেন, এ রকম ঘটনা যদি ভবিষ্যতে আর কেউ ঘটানোর চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ জেল্লাল হোসেন জানান, দণ্ডিত যুবককে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
