পিছিয়ে পড়ার পরও অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনালে স্বদেশি আর্জেন্টাইন প্রতিপক্ষ বোকা জুনিয়র্সকে ৩-১ গোলে হারিয়ে চতুর্থবারের মতো কোপা লিবারতাদোরেসের শিরোপা জয় করেছে রিভার প্লেট। গত নভেম্বরে বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত প্রথম লেগের ফাইনালটি ড্র হয়েছিল ২-২ গোলে। রবিবার রাতে রিয়াল মাদ্রিদের মাঠ স্যান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে বিরতিতে যাবার আগমুহূর্তে গোল করে বোকা জুনিয়র্সকে এগিয়ে দেন দারিও বেনেডেট্টো (০-১)। তবে ম্যাচের ৬৮তম মিনিটে গোলটি পরিশোধ করে দিয়ে রিভার প্লেটকে সমতায় নিয়ে আসেন লুকাস পারাট্টো (১-১)। নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো দল গোল করতে না পারায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচটি। ১০৯তম মিনিটে গোল করে প্লেটকে এগিয়ে দেন হুয়ান ফার্নান্দো কুইন্টেরো (২-১)। শেষ মিনিটে গঞ্জালো মার্তিনেজ গোল করলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিভার প্লেট।
