গাংনীতে গরু ব্যবসায়ীদের টাকা ছিনতাই

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৭

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা

উপজেলার শিমুলতলা ও কুঞ্জনগর গ্রামের মাঠে বোমা ফাটিয়ে গরু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়েছে ডাকাতদল। এসময় গরু ব্যবসায়ী ডালিম হোসেন ও মোয়াজ্জেম হোসেন ধারালো অস্ত্রের কোপে জখম হন। তাদের বাড়ি গাংনী উপজেলার কামারখালী গ্রামে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে মিকুশিস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ডালিম হোসেন জানান, চুয়াডাঙ্গা শিয়ালমারী হাট থেকে গরু বিক্রি করে স্যালোইঞ্জিন চালিত স্টিয়ারিং গাড়িযোগে তিনিসহ পাঁচ জন গরু ব্যবসায়ী কামারখালী ফিরছিলেন। কুঞ্জুনগর ও শিমুলতলা মাঠের মধ্যে মিকুশিস স্কুলের সামনে রাস্তার ওপর বেঞ্চ ও ধঞ্চি গাছ দিয়ে গতিরোধ করে ডাকাতদল। তারা বোমা ফাটিয়ে গরু ব্যাপারীদের কাছ থেকে চার লাখ টাকার মতো ছিনিয়ে নেয়। ধস্তাধস্তির এক পর্যায়ে ধারালো অস্ত্রের কোপে তিনি ও মোয়াজ্জেম আহত হন।

গাংনী থানার ওসি বোইদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে একটি তাজা হাতবোমা উদ্ধার ও বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করা হয়েছে। ডাকাতদের চিহ্নিত করতে অভিযান চালানো হচ্ছে।