শ্লীলতাহানির অভিযোগে বখাটের কারাদণ্ড

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৮

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালায় এক নারীকে শ্লীলতাহানির ঘটনায় ইয়াছিন মোল্লা নামের এক বখাটে যুবককে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। সে উপজেলার তৈলকুপি গ্রামের আফছার মোল্লার ছেলে। বৃহস্পতিবার তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা প্রদান করেন। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা দুটার দিকে কুমিরা ইউনিয়ন পরিষদের পাশ দিয়ে কমিউনিটি সেন্টারগামী ইটের রাস্তায় এক নারী (২২) দর্জি কাজ শেষে রাস্তা দিয়ে বাড়িতে ফিরছিল। এ সময় বখাটে ইয়াছিন মোল্লা তার শ্লীলতাহানি ঘটায়। ঐ নারীর আর্তচিত্কারে পথচারীরা ইয়াছিনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ইয়াছিন মোল্লাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম বলেন, এ রকম ঘটনা যদি ভবিষ্যতে আর কেউ ঘটানোর চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. জেল্লাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত যুবককে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।