প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনায় প্রার্থনা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪১

বিশেষ প্রতিনিধি

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে তার সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সদস্যদের জন্যও দোয়া করা হয়। গতকাল শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ও দলের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, ধর্ম প্রতিমন্ত্রী এবং দলের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মো. আব্দুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান প্রমুখ অংশ নেন।

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, জম্মদিন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর জম্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সব মসজিদ, মন্দির ও গির্জায় গতকাল বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর সাফল্য, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় দোয়া মোনাজাত করা হয়।