বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘সাময়িক ও কয়দিনের সাফ-শুদ্ধির অভিযান চালিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না। শুক্রবার দুপুরে সাভারে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উপজেলা সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘সাময়িক চমক সৃষ্টি না করে, লাগাতার সুশাসনের নিয়মভিত্তিক অভিযান চালাতে হবে। সম্প্রতি পত্রিকায় ক্যাসিনো ক্লাবের কোটি কোটি টাকার কাহিনী শোনা যাচ্ছে। মনে হলো যেন হঠাত্ করে ঝড় উঠে গেছে। সব সাফ-শুদ্ধ করছেন। কিন্তু সাময়িক ও কয়দিনের সাফ-শুদ্ধের অভিযান চালিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না। দুর্নীতি বন্ধ করতে হলে লাগাতারভাবে লড়াই করতে হবে, লাগাতারভাবে এই দুর্নীতিমূলক ব্যবস্থাকে পালটে ফেলতে হবে।’
মেনন বলেন, ‘জিয়ার আমল থেকেই ক্লাবে জুয়া-হাউজি চালু আছে। ক্যাসিনো এসেছে হয়তো ২০১৭-১৮ সালে। তাই পরস্পর দোষারোপ করে লাভ নেই, ব্যবস্থাটা বদলাতে হবে।’
পত্র-পত্রিকার উদ্ধৃতি দিয়ে তিনি আরো বলেন, ‘আজকের পত্রিকাতে হিসেব করে দেখানো হয়েছে ৮৯ শতাংশ মানুষ দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। আমাদের আজকে সাহসী হতে হবে। বলতে হবে, দুর্নীতিবাজদের আমরা আর গ্রহণ করব না।’
সাভার উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগরের সভাপতি আবুল হোসাইন, সাধারণ সম্পাদক কিশোর রায়সহ শিল্পাঞ্চলের কয়েকশ নেতাকর্মী।
