ওএসডি হওয়া জামালপুরের সাবেক জেলা প্রশাসক আহমেদ কবীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বুধবার সাময়িক বরখাস্তের ঐ আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে। বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে মন্ত্রণালয়।
প্রসঙ্গত, গত আগস্ট মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে দুটি ভিডিও ভাইরাল হয়। যেখানে জামালপুরের ডিসি অফিসের একজন নারী কর্মচারীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার বিষয়টি প্রকাশ পায়। ওঠে সমালোচনার ঝড়। এরপর ২৫ আগস্ট জেলা প্রশাসকের পদ থেকে আহমেদ কবীরকে সরিয়ে ওএসডি করা হয়। সেই সঙ্গে অভিযোগ তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) মুশফিকুর রহমানের নেতৃত্বে গঠিত ঐ তদন্ত কমিটি জামালপুর ঘুরে এসে গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রতিবেদন দেয়। ঐ প্রতিবেদনের ভিত্তিতেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
