সাতক্ষীরায় সংগঠনবহির্ভূত অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ হায়দার আলী তোতাকে দল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সভাপতির বাসভবনে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের এক জরুরি যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমদের সভাপতিত্বে বৈঠকে সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। সভায় দেশব্যাপী মাদক ও জুয়ার বিরুদ্ধে চলমান অভিযানকে স্বাগত জানানো হয়। একই সঙ্গে অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ হায়দার আলী তোতাকে জেলা আওয়ামী লীগ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
উল্লেখ্য, গত বুধবার গোয়েন্দা পুলিশের একটি দল জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হায়দার আলী তোতার বাড়িতে অভিযান চালিয়ে ৯ জুয়াড়িসহ জুয়ার সরঞ্জাম আটক করে। ঘটনাস্থল থেকে ৪৯ হাজার টাকার কয়েক কার্টুন তাস, গোলাকার টেবিল এবং খাতাপত্র জব্দ করে পুলিশ। এ ঘটনায় তোতাসহ ১০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
