তরুণদের মুখোমুখি বরিশালের তিন এমপি প্রার্থী

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২২:২০

বরিশালের তিনশ তরুণ ভোটারদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন বরিশাল—৫ (সদর) আসনের তিন এমপি প্রার্থী। এসময় তরুণ ভোটাররা প্রার্থীদের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে কি না, যুবকদের উন্নয়নে কে কি করবেন, পার্টটাইম চাকিরর ব্যবস্থা করা হবে কি না প্রশ্ন রাখেন।

গতকাল সোমবার ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে নগরীর রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‘শান্তিতে বিজয়, শান্তি জিতলে জিতবে দেশ’ শীর্ষক এ অনুষ্ঠানে তরুণদের মুখোমুখি হন—বরিশাল সদর আসনের আওয়ামী লীগের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, বিএনপির প্রার্থী মজিবর রহমান সরওয়ার ও জাতীয় পার্টির প্রার্থী একেএম মর্তুজা আবেদিন।

আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুক শামীম বলেন, আমি নির্বাচিত হলে একটি মাদকমুক্ত শহর উপহার দিব। আমি যুবকদের হাতকে শক্তিশালী করতে চাই। তাই কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিব। বরিশালে শিল্পায়ন ও পার্টটাইম চাকরির ব্যবস্থা করা হবে কি না এ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পদ্মাসেতু করছে, করছে পায়রা বন্দর। ভোলার গ্যাস বরিশালে এনে শিল্পায়ন করা হবে। বরিশাল হবে ছোটখাটো সিঙ্গাপুর। অন্য জেলা থেকে মানুষ এই জেলায় আসবে চাকরির জন্য। নির্বাচনে জয়ী না হলেও বরিশালের পাশে থাকবেন কি না প্রার্থীরা— এ প্রসঙ্গে শামীম বলেন, তিন প্রার্থীর মধ্যে একজন নির্বাচিত হবেন। আমি ২০০৮ সালের নির্বাচনে পরাজিত হওয়ার পরও বরিশালবাসীর সাথে ছিলাম। আমাকে একবার এমপি বানিয়ে দেখেন আমি আপনাদের জন্য কি করি।

বিএনপি প্রার্থী মজিবর রহমান সরওয়ার বলেন, ভোট কারচুপি যাতে না হয় এ বিষয়ে তরুণদের লক্ষ্য রাখতে হবে। আমরা বরিশাল স্টেডিয়াম নির্মাণ করেছি, খেলাধুলা-শিক্ষার বিষয়ে আমি গুরুত্ব দিব। সুষ্ঠু নির্বাচন হবে কি না এ প্রসঙ্গে বিএনপির প্রার্থী বলেন, কিভাবে বিশ্বাস করব। গত সিটি নির্বাচনই এর উদাহারণ।

অনুষ্ঠানে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজওনাল ম্যানেজার দীপু হাফিজুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। এরপর কুইজ প্রতিযোগিতা, বির্তক, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক মো. হানিফ, সচেতন নাগরিক কমিটি বরিশাল জেলা সহসভাপতি অধ্যাপক শাহ সাজেদা, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন প্রমুখ।