ইউনিসেফ পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগের অভিনন্দন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩১

তরুণদের দক্ষতা উন্নয়নে বাংলাদেশের অসামান্য সাফল্যের স্বীকৃতি স্বরূপ জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) প্রদত্ত ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ পুরস্কার লাভ করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দলের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি গতকাল এক বিবৃতিতে দলের পক্ষ থেকে এ অভিনন্দন জানান।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেধা-মনন সততা-নিষ্ঠা দক্ষতা কর্মকৌশল ও দূরদর্শী নেতৃত্বে সুখী সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণের অভিযাত্রায় অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শেখ হাসিনা বাংলাদেশের এই অভূতপূর্ব অগ্রগতির প্রধানতম হাতিয়ার হিসেবে তারুণ্যের ঐক্যবদ্ধ শক্তিকে দেশ গঠনে সম্পৃক্ত করেছেন। তরুণদের শ্রম, মেধা এবং প্রাণশক্তির যথাযথ ব্যবহার এবং তরুণ-তরুণীদের মেধা ও প্রতিভা বিকাশের অবারিত সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে শেখ হাসিনার সরকারের গৃহীত পদক্ষেপ আজ বিশ্বব্যাপী প্রশংসিত ও স্বীকৃত। ওবায়দুল কাদের বলেন, শিক্ষিত ও প্রতিভাবান তরুণদের মধ্যে দেশপ্রেম, আদর্শবাদ, সততা ও সাংগঠনিক গুণাবলীর বিকাশের মাধ্যমে দেশের ভবিষ্যত্ নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ পুরস্কার। তিনি বলেন, ৭৩তম জন্মদিনের প্রাক্কালে বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ পুরস্কার লাভ বাঙালি জাতির গৌরব ও মর্যাদার স্মারকে আরো একটি নতুন পালক সংযুক্ত করেছে।