আলোকচিত্রে রোহিঙ্গাদের জীবন সংগ্রাম

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২২:২২

আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হয়েছে রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবন সংগ্রাম নিয়ে মার্কিন আলোকচিত্রী প্যাট্রিক ব্রাউনের আলোকচিত্র প্রদর্শনী ‘দেশত্যাগ’। ‘দেশত্যাগ’ প্রদর্শনীটি দর্শনার্থীদের মনে করিয়ে দেবে যে, এই সংকট শিগগির শেষ হচ্ছে না। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফটোগ্রাফার প্যাট্রিক ব্রাউনের এক বছর ধরে তোলা এসব ছবিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর ব্যাপক হারে আগমনের শুরুর সময়, তাদের দৃঢ়তা, তাদের আশ্রয়প্রদানকারী স্থানীয় জনগোষ্ঠী, জরুরি পরিস্থিতি মোকাবিলায় গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার বিষয়গুলো ফুটে উঠেছে এই আলোকচিত্র প্রদর্শনীতে।

প্যাট্রিক ব্রাউন বলেন, এ সমস্যা ১৯৭১ এর নয়। এটা ২০১৭ সালে শুরু হওয়া সমস্যা। কিন্তু তার সমাধানে অনেক দেশ নিশ্চুপ। এটা যদি মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, কানাডার সঙ্গে হতো তারা এত বিশাল জনগোষ্ঠীকে আশ্রয় দিত না। বাংলাদেশ অসাধারণ মানবিকতার পরিচয় দিয়েছে।

গতকাল সোমবার ইউনিসেফ বাংলাদেশ ও আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার যৌথ আয়োজনে প্রদর্শনীটি আনুষ্ঠানকিভাবে উদ্বোধন করেন ইউনিসেফ বাংলাদেশেরে শুভচ্ছো দূত ও  ক্রিকেট তারকা সাকিব আল হাসান ও ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার এবং বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ম্যারি আনিক বুখডা ।

সাকিব আল হাসান  বলেন, সকলকে একসঙ্গে এগিয়ে আসতে হবে এই সমস্যা সমাধানে।

এডওয়ার্ড বেগবেদার বলেন, এই প্রদর্শনী শুধু বিপদগ্রস্ত জনগোষ্ঠীর অসহায়ত্ব ও হতাশাই তুলে ধরেনি, একইসঙ্গে এটি নৈমিত্তিক জীবনে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে তাদের মনোবলকেও তুলে ধরেছে, যেখানে মৌলিক প্রয়োজনগুলো মেটানোর জন্য খুব সামান্য সহায়তাই তারা পাচ্ছে।