আবু সাইদ
আমাদের বড় স্যার বড় নাম ডাক,
তাঁর পিছে ছোটে শত ছোট বড় কাক,
ক্ষমতার জোর দেখে লাগে সব তাক।
আমাদের বড় স্যার বড় তাঁর গুণ,
রাগলে মাথায় ঠিক চড়ে যায় খুন।
তিনি যদি হাতি হন আমরা উকুন।
আমাদের বড় স্যার বেশি তাঁর জ্ঞান,
ধারে কাছে গেলে রেগে করে ছ্যান-ছ্যান,
তাঁর ভাগা বড় চাই ছোট হবে ক্যান?
আমাদের বড় স্যার বড় তাঁর ঝাঁজ,
আয়ত্ত করেছেন তুকতাক কাজ,
সুবিধাটা পেতে খোলে বুদ্ধির ভাঁজ।
আমাদের বড় স্যার সবকিছু জানে,
ভাগাভাগি লেনদেন জীবনের মানে,
হিস্যাটা দিতে তিনি তুলো দেন কানে।
আমাদের বড় স্যার হাতখানা বড়,
থেকে থেকে তাঁর মাথে ভূত করে ভরও
নড়চড় হলে তাই খেতে পারো চড়ও।
আমাদের বড় স্যার মানো কি না মানো?
যতখুশি তত তাঁর ঠ্যাং ধরে টানো—
চেয়ারে সে থাকবেই যদি যায় জানও।
শেরপুর, বগুড়া
