যেভাবে বুঝবেন আপনি একজন লিজেন্ড

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫১

 

 

  মুহা. তাজুল ইসলাম

 

বিদেশ থেকে একজন বায়ার এসেছেন। কয়েক কোটি টাকার প্রজেক্ট নিয়ে গুরুত্বপূর্ণ মিটিং হচ্ছে। মিটিংয়ের অতি গুরুত্বপূর্ণ আলোচনার এক পর্যায়ে হৈচৈয়ের শব্দে আপনি সামনে তাকালেন এবং নিজেকে আবিষ্কার করলেন যে, এখনো আপনি ঢাকার ট্রাফিক জ্যামে আটকে আছেন।

 

ভুলটা আপনার সবসময়ই হয়। চশমাটা আপনি যেখানে সেখানে ফেলে রাখেন। জরুরি প্রয়োজনে অনেকক্ষণ যাবত চশমাটি খুঁজছেন কিন্তু কোথাও পাচ্ছেন না, এমন সময়ে আপনি আবিষ্কার করলেন যে, চশমাটি আপনার চোখেই আছে।

 

বিয়ে আপনি করবেন কিন্তু বেশি মেয়ে দেখা আপনার মোটেই পছন্দ নয়। ১২২টা মেয়ে দেখার পরে তাই সিদ্ধান্ত নিয়েছেন বিয়ের জন্য আর আর মাত্র ২০-২২টার বেশি মেয়েই দেখবেন না।

 

আপনি অসাধারণ সব কবিতা লিখেন, যা পড়ে নিজেই বারবার অভিভূত হন। রবীন্দ্রনাথ ও নজরুল বেঁচে থাকলে তারাও সম্ভবত অভিভূত হতেন। ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে পঞ্চাশের ওপর কবিতা লেখার সার্টিফিকেটও পেয়েছেন কিন্তু কোনো পত্রিকা কিংবা প্রকাশক আপনার হাজারো কবিতার মধ্য থেকে একটিও ছাপাতে চাইছে না।

 

আপনি চমত্কার সব গান করেন। কোকিলকণ্ঠী, কাউয়াকণ্ঠী বলতে যা বুঝায়, সবকিছুর তুলনাই এর সঙ্গে চলে। হারপিক ওয়ান কিংবা বাংলাদেশি বদনা প্রোগ্রামে প্রথম হওয়ার যোগ্যতা আপনার আছে কিন্তু অন্যদের সুযোগ দিতে আপনি সেসব প্রোগ্রামে অংশগ্রহণ করেন না। প্রতিদিন সকালে সংগীতচর্চার সময় পাশের বাসা থেকে আপনার উদ্দেশে ছেঁড়া স্যান্ডেল নিক্ষেপ করা হয়।

 

চাকরির ইন্টারভিউয়ের সকল প্রশ্ন আপনার জন্য ডাল-ভাত। যেকোনো চাকরি আপনি এক নিমিষেই পেয়ে যেতে পারেন। পছন্দ না হওয়ায় এসব চাকরিতে অ্যাপ্লাই না করে বছরের পর বছর বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছেন, আর মানুষের কাছে থেকে দেনা করে চলছেন।