ভাঙনের মুখে শতাধিক বসতবাড়ি
শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা
শেরপুরের শ্রীবরদীর সীমান্তবর্তী রাণীশিমূল ইউনিয়নের বালিজুরী এলাকায় সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, কয়েকদিন আগে শ্রীবরদীর ইউএনও সেঁজুতি ধরের নেতৃত্বে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন আটক করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এক ট্রলি ভর্তি অবৈধ বালু জব্দ করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অন্যদিকে বালু উত্তোলনের ফলে নদীর দুই পাশে বসবাসরত শতাধিক বাড়িঘর ভাঙনের মুখে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, যত্রতত্র বালু উত্তোলনের কারণে সীমান্তবর্তী বালিজুরী বাজার, বালিজুরী উচ্চ বিদ্যালয়, বালিজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিজুরী ঈদগাহ মাঠ ও বালিজুরী দুধনই সড়কের কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি ভাঙনের হুমকিতে রয়েছে।
রাণীশিমূল ইউপি চেয়ারম্যান মাসুদ রানা বলেন, বালু উত্তোলন বন্ধে বারবার সতর্ক করা হলেও তারা প্রভাব বিস্তার করে বালু উত্তোলন করছেন।
ইউএনও সেঁজুতি ধরের কাছে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বালিজুরী এলাকার ১৫ জনকে আসামি করে মামলা দেওয়া হয়েছে।
