হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
ক্যাসিনোতে জড়িত নেপালিসহ বাংলাদেশি অভিযুক্তরা যাতে হিলি সীমান্ত ও চেকপোস্ট দিয়ে ভারতে পালাতে না পারে সে জন্য সতর্কতা জারি করা হয়েছে। হিলি ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এমন নির্দেশনা পেয়ে সীমান্তে ও চেকপোস্ট এলাকায় এই নজরদারি শুরু হয়েছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. রফিকুজ্জামান জানান, ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িত আট জন নেপালি নাগরিক ও দুজন বাংলাদেশি যাতে এ পথ ব্যবহার করে কোনোভাবেই ভারতে পালাতে না পারে সে জন্য হেডকোয়ার্টার থেকে নির্দেশনা পেয়েছি। এ কারণে যেসব পাসপোর্টযাত্রী বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছেন তাদের ছবি, নাম-ঠিকানা তথ্যপ্রযুক্তির মাধ্যমে সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করে ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে। আবার ভারত থেকে দেশে আসার পথে একইভাবে খতিয়ে দেখা হচ্ছে।
