বিভিন্নস্থানে নির্বাচনী প্রচারণায় দুইজন গুলিবিদ্ধসহ আহত ৯

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২২:২৫

একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার প্রথম দিনে বিভিন্নস্থানে সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধসহ ৯ জন আহত হয়েছেন। গতকাল সোমবার প্রচারণার প্রথম দিনে এসব ঘটনা ঘটে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

কুমিল্লা: কুমিল্লায় পৃথক স্থানে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জাবেদ নামের একজনকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে। নগরীর মুরাদপুর ও থিরাপকুরপাড় এলাকায় গতকাল বিকেলে এ ঘটনা ঘটে। এছাড়া পৃথক ঘটনায় সায়মন সানি ও মোখলেছুর রহমান নামে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, কুমিল্লা সদর আসনে বিএনপি দলীয় প্রার্থীর সমর্থনে নেতাকর্মীরা মিছিল নিয়ে নগরীর মুরাদপুর এলাকা অতিক্রমের সময় আওয়ামী লীগের কর্মীরা তাদের ধাওয়া করে।

ফরিদগঞ্জ (চাঁদপুর): গতকাল বিকেল উপজেলা সদরে বিএনপির প্রার্থী এমএ হান্নানের নেতৃত্বে মিছিল বের হলে এতে পুলিশ বাধা দেয়। পরে মিছিল থেকে ছোড়া ইটের আঘাতে চারজন পুলিশ আহত হওয়ার ঘটনা ঘটে। এ সময় বিএনপি কর্মী আরিফ হোসেনকে বেধড়ক পিটিয়ে আটক করে। এছাড়া ইমাম হোসেন নামের অপর এক কর্মীকে আটক করেছে। ওসি মো. হারুনুররশিদ জানান, মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে চারজন পুলিশ আহত হয়। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ রাউন্ড ফাঁকাগুলি ছোড়া হয়। বিএনপির প্রার্থী এমএ হান্নান জানান, পুলিশ আমাদের উপর অন্যায়ভাবে  লাঠিচার্জ ও গুলি নিক্ষেপ করে ২০/২৫ জন নেতাকর্মীকে আহত করে।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও): পীরগঞ্জ পৌর শহরের সোনালী ব্যাংকের কাছে মহাজোট প্রার্থী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি ও বর্তমান সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলীর সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল হকের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়েছে। এতে উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবু জাহিদ ইবনুল ইকরাম জুয়েল পায়ে আঘাত পেয়েছেন। ঠাকুরগাঁও-৩ আসনে মহাজোট মনোনিত প্রার্থী বর্তমান সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী ঠাকুরগাঁও থেকে প্রতীক নিয়ে ফেরার পথে পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় পথ সভা শেষে রাণীশংকৈল যাওয়ার সময় এ ঘটনা ঘটে।