আত্মপক্ষ সমর্থন করলেন আর্থার

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৫

স্পোর্টস রিপোর্টার

পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচের পদ হারানোর প্রতিক্রিয়ায় এক একান্ত সাক্ষাত্কারে দেশটির ক্রিকেট কমিটির সমালোচনা করেছিলেন মিকি আর্থার। এই সমালোচনা পাকিস্তানে তৈরি করেছিল বেশ আলোড়ন। জবাব দিয়েছিলেন ক্রিকেট কমিটির দুই সদস্য ওয়াসিম আকরাম ও মিসবাহ-উল-হক। এবার মিকি আর্থার নিজের বক্তব্যের পক্ষে অবস্থান নিয়ে আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, তার যেটা সত্যি মনে হয়েছে, সেটাই বলেছেন।

বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পুরো দল পুনর্গঠনের জন্য একটা ক্রিকেট কমিটি তৈরি করে। এই কমিটির সদস্য ছিলেন সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম ও মিসবাহ-উল-হক। এই দুই সদস্য সুপারিশ করেন, মিকি আর্থারের সঙ্গে আর চুক্তি নবায়ন না করার জন্য।

সম্প্রতি আর্থার ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, এই কমিটির আচরণে তিনি হতাশ হয়েছিলেন। তিনি চাকরিটা চালিয়ে যেতে চেয়েছিলেন বলেই বললেন। কিন্তু সেটা হয়নি। কমিটির সুপারিশে তিনি চাকরি হারান এবং মিসবাহ নিজেই কোচ ও প্রধান নির্বাচক হয়ে যান।

আর্থার বলেছেন, এই কমিটির আচরণে তিনি হতাশ হয়েছেন। কারণ, কমিটি যা বলেছে, তা করেনি, ‘আমি মনে করি (চাকরি হারানোয়) একটাই হতাশার ব্যাপার সেটা হলো, এখানে এমন কিছু লোক ছিল, যাদের আমি সত্যিই বিশ্বাস করেছিলাম। কিন্তু এরা সেই অনুযায়ী চলেনি। ব্যাপারটা এমন হলো যে, মিসবাহ নিজেই এই কমিটিতে ছিল এবং আমার চুক্তিটা নবায়ন করল না। আর শেষ পর্যন্ত সে নিজেই এই পদের উত্তরাধিকারী হয়ে গেল।’

ঐ সাক্ষাত্কারে অবশ্য আর্থার মিসবাহর কোনো নিন্দা করেননি। তিনি বলেছিলেন, এই পদের জন্য মিসবাহ ভালো পছন্দ, ‘মিসবাহ এখানে ভালো করবে। মিসবাহ ভালো মানুষ। আর পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের সিদ্ধান্ত নিয়েছে। আমি হতাশ হয়েছি, কারণ আমি যতক্ষণ ছিলাম, এই কাজটা ভালোবেসেছি।’ আর্থারের এই কথার জবাব দিয়েছেন ওয়াসিম ও মিসবাহ। ওয়াসিম করাচিতে বলেছেন, ‘আমি পাকিস্তানের হয়ে খেলেছি। অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে এই দলটির প্রতিনিধিত্ব করেছি। ফলে আমাকে যখন এই কমিটিতে থেকে প্রধান কোচ নিয়ে মত দিতে বলা হয়েছে আমি সততার সঙ্গে মতামত দিয়েছি।’

মিসবাহও বলেছেন, তিনি তার মত দিয়েছেন। সেই সঙ্গে বলেছেন, আর্থারের তার নিজের মত প্রকাশের অধিকার আছে, ‘আমি মনে করি, সে (আর্থার) যেটা বলেছে, এটা তার নিজস্ব মত। সে যেটা মনে করেছে, সেটা বলেছে। আমি সবসময় মনে করি, প্রত্যেকের তার মতামত প্রকাশের অধিকার আছে। আমি কমিটির একজন সদস্য হিসেবে সততার সঙ্গে মত দিয়েছিলাম। আমার মিকির সঙ্গে ভালো সম্পর্ক ছিল। ভালো সম্পর্ক এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।’

ওয়াসিম ও মিসবাহ নমনীয়ভাবে কথা বললেও পাকিস্তানের সংবাদ মাধ্যমে আর্থারের বেশ সমালোচনা হয়েছে। আর সে সব সমালোচনার প্রেক্ষিতে আর্থার বলেছেন,‘আমি নিজের মন্তব্য সমর্থন করছি, কারণ আমি পাকিস্তানকে ভালোবাসি এবং যেসব খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছি, তাদের ভালোবাসি। আমি মিসবাহ ও ওয়াসিমকে শ্রদ্ধা করি। আমি হতাশ হয়েছিলাম, কারণ ওখানে আমার অসমাপ্ত কিছু কাজ ছিল। আমি কাজটা চালিয়ে যেতে পারলে খুশি হতাম।’