স্পোর্টস রিপোর্টার
মোহামেডানের সাবেক তারকা ফুটবলার বাদল রায় বলেছেন, তিনি জানতেন না মোহামেডান ক্লাবে ক্যাসিনো হয়। তিনি মনে করেন ক্যাসিনো বাণিজ্য ক্লাবের ভাবমূর্তি নষ্ট করেছে। এসব নানা বিষয় নিয়ে গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবের তিনতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন ছিল আগে কেন ক্যাসিনো নিয়ে কথা বলেননি। আপনারা কি জানতে না? জবাবে বাদল রায় বলেন, ‘আমাদের জানা ছিল না ক্যাসিনো আছে ক্লাবে। সরকারকে অনুরোধ করব লোকমান হোসেনের পাচারকৃত অর্থ যেন ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়।’
ফুটবল মাঠে মোহামেডানের বর্তমান পরিস্থিতির জন্য ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসনকে দায়ী করেছেন বাদল রায়। তার অপসারণ চেয়েছেন সাবেক এই ফুটবলার। লোকমান হোসেনের উদ্দেশে বাদল রায় বলেন, ‘দুর্নীতি করবেন, টাকা পাচার করবেন এটা মেনে নেওয়া যায় না। তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে।’ বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের উদ্দেশে বাদল রায় বলেন, ‘আপনি লোকমান সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন এটা আশা করিনি। আপনার উচিত হবে না বন্ধুর পক্ষে থাকা। আপনি আমাদের ক্রীড়াঙ্গনের অভিভাবকও। আমরা অনুরোধ করব বিসিবি হতে লোকমান হোসেনকে যাতে অব্যাহতি দেওয়া হয়।’ সংবাদ সম্মেলনে বাদল রায়ের সঙ্গে ছিলেন মোস্তাকুর রহমান, সাব্বির, কায়সার হামিদ, জনি, মানিক, কানন, ইলিয়াস, নকিব, রিয়াজ, সাজিদ আদেল, ফজলুর রহমান প্রমুখ।
