শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে সংগীত কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২২:০২

রাজধানীর উত্তরায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ক্রিয়েটিভ হাবে বর্ণাঢ্য রাগসংগীত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ভারতের প্রখ্যাত রাগসঙ্গীত গুরু পণ্ডিত সারথী চ্যাটার্জির পরিচালনায় এই অনুষ্ঠান হয়। দেশের বৃহত্তম সৃজনশীল ও সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ‘ইন্দিরাগান্ধী কালচারাল সেন্টার, ভারতীয় দূতাবাস, বাংলাদেশ-এর সহযোগিতায় এর আয়োজন করা হয়।

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী মো. মফিজুর রহমান অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ভারতীয় দূতাবাস, ঢাকা এর পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইন্দিরাগান্ধী কালচারাল সেন্টার, ভারতীয় দূতাবাস, বাংলাদেশ-এর পরিচালক ড. নিপা চৌধুরী। তিনি বাংলাদেশে বিভিন্ন কার্যক্রমে ভারতীয় দূতাবাস ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশন তথা এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবীর শান্ত এর পারস্পরিক সহযোগিতাকে দৃষ্টান্ত আখ্যা দিয়ে ভবিষ্যতেও উভয় প্রতিষ্ঠান দেশের সাংস্কৃতিক ও অন্যান্য উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রধান প্রবীর নন্দী, পণ্ডিত সারথী চ্যাটার্জি। পরে সারথী চ্যাটার্জির সুরের মূর্ছনায় শুরু হয় কর্মশালা।

৩০ সেপ্টেম্বর এক বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাজধানীর জমজম কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এর সমাপনী অনুষ্ঠান। যেখানে বিশিষ্ট শিক্ষাবিদ ফার্স্ট লেডি বেগম রাশিদা হামিদসহ বিশিষ্ট সংগীত শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ববর্গ উপস্থিত থাকবেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের উপপরিচালক মজিবুর রহমান দিলু। —প্রেস বিজ্ঞপ্তি