মহালয়ায় চন্ডীপাঠে দুর্গোত্সবের সূচনা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩৮

মহালয়ার মধ্য দিয়ে গতকাল থেকে হিন্দুদের প্রধান ধর্মীয় পার্বণ শারদীয় দুর্গোত্সবের আনুষ্ঠানিকতার সূচনা ঘটেছে। শুরু হয়েছে দেবীপক্ষ। দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে ৩ অক্টোবর শুরু হবে মূল পূজা। ৪ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হবে মূল আয়োজন। শেষ হবে ৮ অক্টোবর। শুভ মহালয়ায় চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্তলোকে আহ্বান করলেন হিন্দু ধর্মাবলম্বীরা। সনাতন ধর্ম বিশ্বাসে দুর্গা আসছেন ঘোড়ায় চড়ে বিদায়ও নেবেন ঘোড়ায়।

গতকাল ভোরে ঢাকেশ্বরী মেলাঙ্গনে কেন্দ্রীয় পূজামণ্ডপে চণ্ডীপাঠ করে দেবীকে আহ্বান জানানো হয়। ফুল, বেলপাতাসহ নানা উপাচারে সাজিয়ে, পূজা অর্চনা ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে কৈলাশ থেকে মর্তলোকে দেবীর আগমনী বার্তা দেওয়া হয়। এর মধ্য দিয়েই শুরু হলো শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক ক্ষণ গণনা।

শুভ মহালয়া উপলক্ষ্যে গতকাল ভোর থেকে রাজধানীর বিভিন্ন মন্দিরে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ভোর সাড়ে ৫টায় চণ্ডীপাঠের মাধ্যমে মহালয়ার ঘট স্থাপন করা হয়। পরে সকাল সাড়ে ৬টায় শুভ মহালয়া উপলক্ষ্যে ‘মহানগর সার্বজনীন পূজা কমিটি’র আয়োজনে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

এদিকে শুভ মহালয়া উপলক্ষ্যে বনানী পূজামণ্ডপে গুলশান-বনানী পূজা ফাউন্ডেশন বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।