মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে প্রতিনিধি পরিষদে তলব

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের তদন্তে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে তলব করেছে প্রতিনিধি পরিষদ। ইউক্রেনের সঙ্গে বর্তমান প্রশাসনের সব ধরনের কাজের নথি চাওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এসব নথি নিয়ে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত পরিষদে মাইক পম্পেওকে হাজির হতে হবে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিন ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ফোনালাপে প্রবেশে হোয়াইট হাউজ কড়াকড়ি করেছিল বলে জানা গেছে। খবর বিবিসির

মাইক পম্পেওকে তলবের জন্য চিঠি দিয়েছেন প্রতিনিধি পরিষদের তিনটি কমিটির প্রধানরা। তারা হলেন- ফরেন অ্যাফায়ার্স কমিটির প্রধান ইলিয়ট অ্যাঞ্জেল, ইন্টেলিজেন্স কমিটির প্রধান অ্যাডাম স্কিফ এবং ওভারসাইট কমিটির প্রধান এলিজা কামিংস। চিঠিতে বলা হয়েছে, তারা তদন্ত করছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে চাপ দিয়ে যুক্তরাষ্ট্রে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ এবং জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছেন কিনা। এছাড়া রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে দেওয়া কংগ্রেসের সহায়তা প্রেসিডেন্ট ট্রাম্প স্থগিত করেছিলেন কিনা সেই বিষয়ে জানা দরকার। তলবের কারণ হিসেবে চিঠিতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী প্রয়োজনীয় তথ্য দিতে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তলবের তালিকায় আরো আছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা বিষয়ক বিশেষ প্রতিনিধি কার্ট ভলকার এবং ইউক্রেনে সাবেক মার্কিন রাষ্ট্রদূত ম্যারি ইউভানোভিচসহ মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের ৫ জন। প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসন তদন্তে এটা সর্বশেষ উদ্যোগ ডেমোক্র্যাটদের। পররাষ্ট্রমন্ত্রী পম্পেও তলবের বিষয়ে কোনা প্রতিক্রিয়া জানাননি। এরই মধ্যে কার্ট ভলকার শুক্রবার পদত্যাগ করেছেন।   

গত ২৫ জুলাই প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমিয়ের জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন। তাতে তিনি সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্ত করার কথা বলেন। না হলে তিনি ইউক্রেনকে আর্থিক সহায়তা বন্ধের হুমকি দেন। ফোনকলের ধারণ করা অংশ গত ২৫ সেপ্টেম্বর প্রকাশ করেছে হোয়াইট হাউজ। ফোনালাপ ফাঁস করেন এক সিআইএ কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ঐ কর্মকর্তা একসময় হোয়াইট হাউজে কাজ করতেন। হোয়াইট হাউজ ঐ ফোনকলের তথ্য প্রকাশ করতে চাইছিল না। একটি সূত্র তাকে এই তথ্য জানিয়েছে।