প্রাইভেটকারে ইয়াবাসহ সাবেক চেয়ারম্যান আটক

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০২:৪৯

কক্সবাজারে প্রাইভেটকারের বিভিন্ন যন্ত্রাংশের ভেতর অভিনব পন্থায় লুকিয়ে পাচারের সময় ইয়াবাসহ সাবেক ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলী মোড় থেকে তাদের আটক করা হয়। তাদের ব্যবহৃত প্রাইভেটকারের ভেতর থেকে ৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন- নরসিংদীর মনোহরদীর চন্দনবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির (৪৪), জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের আব্দুল গণির ছেলে আজিজুর রহমান (৩৮), প্রাইভেটকারের চালক সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের পূর্ব লালার চর গ্রামের আবুল কালামের ছেলে আবুল কাসেম লিটন (৩০)।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান, মেরিন ড্রাইভ সড়ক দিয়ে প্রাইভেটকারে করে ইয়াবার চালান আসছে এমন খবর পেয়ে কলাতলী মোড়ে অবস্থান নেয় পুলিশ। মোড়ে প্রবেশ করার সময় প্রাইভেট কারটিকে থামানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা থাকার কথা অস্বীকার করে। পরে কক্সবাজার সদর মডেল থানা এলাকায় এনে প্রাইভেটকারটির বিভিন্ন যন্ত্রাংশ খুলে অভিনব পন্থায় রাখা ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সদর থানার ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান জানান, আটক সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামানের বিরুদ্ধে নরসিংদীতে মাদক ও বিশেষ ক্ষমতা আইনসহ ৪ টি মামলা রয়েছে। অপরজন আজিজুর রহমান ২০১১ সালে নৌ বাহিনী থেকে চাকরিচ্যুত হন। ইয়াবা উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ইত্তেফাক/জেডএইচ