কানাডায় জলবায়ু সমাবেশে লাখ লাখ মানুষের অংশগ্রহণ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৩:১৯

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কানাডায় বড়ো ধরনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে লাখ লাখ মানুষের সমাগম ঘটে। মন্ট্রিলে আগতদের সামনে ভাষণ দিয়েছেন সুইডেনের জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ। এ সময় তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোরও সমালোচনা করেন। খবর বিবিসির।

‘ফ্রাইডেস ফর ফিউচার’ এই স্লোগানে রাস্তায় নামেন আন্দোলনকর্মীরা। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে বাধ্য করতেই এই সমাবেশের আয়োজন করা হয়। শুক্রবার বিভিন্ন শহর ও মহানগরে প্রায় ১০০টি আয়োজনে এসব মানুষ অংশ নেন। বৈশ্বিক আন্দোলনের অংশ হিসেবে কানাডায় এই বিক্ষোভের আয়োজন করা হয়। প্রাথমিকভাবে স্কুলে আন্দোলন কর্মসূচি পালনের সূচনা করে সম্প্রতি জলবায়ু পরিবর্তনবিরোধী আন্দোলনকে জোরাল করেন গ্রেটা থানবার্গ।

আয়োজকরা বলেন, মন্ট্রিলের মিছিলেই কেবল যোগ দিয়েছে প্রায় ৫ লাখ মানুষ। কর্মকর্তারা স্থানীয় মিডিয়াকে এই সংখ্যা সোয়া তিন লাখ হতে পারে বলে জানিয়েছেন।

আরো পড়ুন: আলোচনায় হুইপপুত্র শারুন, বিরোধিতা করলেই বিপত্তি

২০১৪ সালের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জলবায়ু সমাবেশে যোগ দিয়েছিল তিন লাখ ১০ হাজার মানুষ। জলবায়ু পরিবর্তন বিরোধী লড়াইয়ের প্রতীকে পরিণত হওয়া ১৬ বছর বয়সি স্কুল শিক্ষার্থী গ্রেটা থানবার্গ গত সোমবার জাতিসংঘে আয়োজিত এক জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের কঠোর সমালোচনা করেন। মন্ট্রিলের কর্মসূচিতেও অংশ নেন তিনি।

কানাডায় জলবায়ু সমাবেশে যোগ দেওয়ার পর প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাত্ করেন গ্রেটা থানবার্গ। বৈঠক শেষে গ্রেটা সাংবাদিকদের বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী কার্বন নিঃসারণ রোধে কানাডার প্রধানমন্ত্রীও যথেষ্ট ভূমিকা রাখছেন না।

তিনি বলেন, বিশ্বের সব রাজনীতিবিদের জন্য আমাদের একই বার্তা। বর্তমানের সবচেয়ে বিজ্ঞ বিজ্ঞানীদের কথা শুনে ব্যবস্থা নিন। থানবার্গের সঙ্গে বৈঠকের পর ট্রুডো ২০০ কোটি গাছ লাগানোর অঙ্গীকার করেন। তিনি থানবার্গের সঙ্গে একমত পোষণ করে বলেন, আমাদের আরো ভূমিকা রাখা উচিত।

ইত্তেফাক/বিএএফ