স্পোর্টস রিপোর্টার
মেডেন ওভার দিয়ে শুরু করেছিলেন। নিজের শেষ ওভারে তুলে নিলেন প্রতিপক্ষ অধিনায়কের উইকেট। আবার ব্যাট হাতে খেললেন ২৫ বলে ৩৮ রানের ইনিংস। দিনটা অবশ্যই সাকিব আল হাসানের ছিল। কিন্তু তার দল এই দিনটাকে কাজে লাগাতে পারলো না। নাটকীয় ম্যাচে সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ১ রানে হেরে গেল সাকিবদের বারবাডোজ ট্রাইডেন্টস।
সাকিবের এটা ছিল চলতি সিপিএলে প্রথম ম্যাচ। ম্যাচের প্রথম ওভারেই তার হাতে বল তুলে দিলেন বারবাডোজ অধিনায়ক জেসন হোল্ডার। দারুণ সাফল্যের সঙ্গে ওভারটা শেষ করলেন; একটা রানও খরচ করলেন না সাকিব। ব্রুকসের ৫৩ রানে ভর করে ৭ উইকেটে ১৪৯ রান তোলে সেন্ট কিটস ও নেভিস। সাকিব শেষ ওভার বল করতে এসে প্রথম বলেই এলবিডব্লু করে ফেরান প্রতিপক্ষ অধিনায়ক কার্লোস ব্রাথওয়েটকে। সব মিলিয়ে ৪ ওভারে একটি মেডেন নিয়েছেন এবং ১৪ রান খরচ করে ১ উইকেট শিকার করেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।
জবাব দিতে নেমে অ্যালেক্স হেলস ও জনসন চার্লস ছোটো ছোটো ইনিংস খেললেও তা কার্যকর ছিল। তিন নম্বরে নামা সাকিব আল হাসান খেলেছেন দলের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস। তিনি ২৫ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৩৮ রান করে আউট হন। সাকিব আউট হওয়ার পর মুহূর্তে ধসে পড়ে বারবাডোজের মিডল অর্ডার। কেউ আর রুখে দাঁড়াতে পারছিল না। তবে ম্যাচটাকে নাটকীয় করে দেন রেমন রেইফার।
শেষ ওভারে দরকার ছিল ১২ রান। প্রথম বলটা ছিল ওয়াইড। বৈধ প্রথম বলেই ছক্কা মেরে গেন রেইফার। কিন্তু পরের বলেই তিনি রান আউট হয়ে গেলে দলের সম্ভাবনা কমে যায়। তার পরও শেষ বলে ২ রান দরকার ছিল বারবাডোজের। কিন্তু ওই বলে বোল্ড হয়ে যান ড্রাকেস। ফলে ১ রানে হেরে যায় তারা।
ব্যাটিং
বল ২৫
চার ৩
ছয় ১
রান ৩৮
বোলিং
ওভার ৪
মেডেন ১
রান ১৪
উইকেট ১
