গোলহীনতায় শেষ ‘মাদ্রিদ ডার্বি’

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৪

অ্যাওয়ে গেরো খুলল বার্সা

  স্পোর্টস ডেস্ক

অভিজ্ঞ এডেন হ্যাজার্ড নাকি তরুণ হোয়াও ফেলিক্স, মাদ্রিদ ডার্বির আগে আলো কাড়বেন কে? এ নিয়ে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকোর মধ্যকার ম্যাচের আগে আলোচনা চলছিল বেশ। তবে আক্রমণভাগের উল্লেখযোগ্য খেলোয়াড়দের ছাপিয়ে শনিবার রাতে ওয়ান্দা মেত্রোপলিতানোয় আলো কাড়লেন অ্যাটলেটিকো গোলরক্ষক ইয়ান অবলাক। ফলে প্রতিপক্ষ শিবিরে কাঁপন ধরিয়ে দিয়েও গোলশূন্য ড্র নিয়েই ফিরতে হলো কোচ জিনেদিন জিদানের রিয়ালকে। এমন ড্রয়ের পর অ্যাটলেটিকো মাদ্রিদ গোলরক্ষক অবলাক একে ন্যায্য ফল মানলেও রিয়াল কোচ মোটেও একমত নন এতে। তার মতে, দুই দল যেমন খেলেছে তাতে রিয়ালেরই জয় পাওনা ছিল। দিনের অন্য ম্যাচে বার্সেলোনা ২-০ গোলে গেটাফেকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ চারে উঠে এসেছে। শনিবার রাতে ম্যাচটির আগে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যাওয়ার হাতছানি ছিল স্বাগতিক অ্যাটলেটিকোর সামনে। এ ম্যাচে জয় পেলেই সম্ভব ছিল সেটি। তবে প্রতিপক্ষের মাঠে এদিন দাপট ছিল রিয়ালেরই।  তাদের প্রতি-আক্রমণের সামনে দেয়াল তুলে দাঁড়ান অ্যাটলেটিকোর স্লোভেনীয় গোলরক্ষক। টনি ক্রুসের দূরপাল্লার দুটি শট ও খুব কাছ থেকে ফরোয়ার্ড করিম বেনজেমার হেড রুখে দিয়ে দলের গোলমুখ আগলে রাখেন অবলাক। অন্যদিকে অ্যাটলেটিকো আক্রমণ বেশ ছন্নছাড়া ছিল এদিন, রিয়াল গোলমুখে প্রথম শটটি আসে প্রথমার্ধের একেবারে শেষদিকে। দ্বিতীয়ার্ধেও রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াকে তেমন পরীক্ষায় ফেলতে পারেননি ফেলিক্স-দিয়েগো কস্তারা। ফলে গোলহীন ড্র নিয়েই মাঠ ছাড়ে নগর প্রতিদ্বন্দ্বী দুই দল।

গোলশূন্য ড্র হলেও একটা ‘কীর্তি’ ঠিকই গড়ে বসেছে জিদানের শিষ্যরা। প্রায় চার বছর পর লা লিগায় টানা তিনটি ম্যাচে গোল হজম করেনি দলটি। দলের রক্ষণাত্মক ‘অর্জনে’ তৃপ্ত হলেও জিদান মনে করেন আরো অনেক কিছুই পাওনা ছিল তার দল, ‘শুধু তীব্রতাই নয়, আমাদের শক্তিটাও গুরুত্বপূর্ণ। আমরা একটা শক্তিশালী এক মাদ্রিদকে দেখেছিলাম কেননা আমরা গোল হজম করিনি। সৃষ্টিশীলতার অভাব ছিল আমাদের কিন্তু যা করেছি তাতে খুশি আমরা। আরো বেশি কিছু পাওয়ারই যোগ্য ছিলাম আমরা, তবে খেলোয়াড়দের অভিনন্দন জানাতেই হবে আমাদের।’ এদিকে ড্রকেই ন্যায্য ফলাফল ভাবছে অ্যাটলেটিকো শিবির। স্বাগতিকদের দিনের সেরা পারফর্মার অবলাকের ভাষ্য, ‘আমরা খুব বেশি ঝুঁকি  নিইনি তারাও সেটা করেনি। আমাদের কেউই ম্যাচে হারতে চায়নি তাই আমার মনে হয় ড্রটাই ন্যায্য ফলাফল। পরের ম্যাচগুলোয় আরো উন্নতি করতে হবে আমাদের।’

দুই মাদ্রিদের ড্র-তে সবচেয়ে বেশি লাভবান হয়েছে বার্সেলোনা। লুই সুয়ারেজ আর জুনিয়র ফিরপোর গোলের সুবাদে প্রায় পাঁচ মাস আর সাত ম্যাচ পর প্রতিপক্ষের মাঠে জয় পায় বার্সা। গেটাফের মাঠে এই জয়ে আগেই পয়েন্ট তালিকার সেরা চারে উঠে এসেছিল দলটি। রিয়াল আর অ্যাটলেটিকো পয়েন্ট খোয়ানোর ফলে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রিয়াল থেকে দুই আর অ্যাটলেটিকো থেকে এক পয়েন্টের দূরত্বে অবস্থান করছে শিরোপাধারী দলটি। চলতি মৌসুমে টানা চার অ্যাওয়ে ম্যাচে জয়শূন্য থাকার পর এই জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দলটির কোচ আর্নেস্তো ভালভার্দে। তিনি বলেন, ‘কিছু বাজে অ্যাওয়ে ম্যাচের পর এদিন আমাদের জয় পাওয়া প্রয়োজন ছিল। এখানে খেলাটা সবসময়ই কঠিন। লিগ জিততে হলে এমন কঠিন প্রতিপক্ষকে হারাতে হবে আপনাকে।’