তিন জনের জেল-জরিমানা
বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা
বদরগঞ্জে নকল প্রসাধনীসামগ্রীর কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। শনিবার রাতে পৌরশহরের মুন্সিপাড়া মহল্লার মালেক মিয়ার ভাড়া বাড়িতে এ নকল প্রসাধনীর কারখানায় পুলিশ অভিযান চালায়। এ সময় বিপুলপরিমাণ নকল প্রসাধনীসামগ্রী উদ্ধার ও এর সঙ্গে সংশ্লিষ্ট তিন ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে তাদের জেল ও জরিমানা করা হয়।
রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা কারখানা মালিক সালাউদ্দিন লিটনকে এক মাসের জেল ও ১ লক্ষ টাকা জরিমানা করেন। অনাদায়ে আরো এক মাসের জেল দেন। অন্য দুই জন কর্মচারীর প্রত্যেকের ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের জেল দেন এবং কারখানাটি সিলগালা করে দেন।
