তিনশ’ আসনে দলীয় প্রার্থী ১৭৪৫, স্বতন্ত্র ৯৬

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ০০:২৩

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে লড়বে ১৮শ’ ৪১ প্রার্থী। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে ৯৬ জন। আর দলীয় প্রার্থী ১৭৪৫ জন। রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্য বিশ্লেষণ করে গতকাল সোমবার নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখা এ তথ্য জানিয়েছে।

গত রবিবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় দিন। গত ২৮ নভেম্বর পর্যন্ত মোট ৩ হাজার ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ২ ডিসেম্বর যাচাই-বাছাইয়ে ৭৮৬ জনের মনোনয়ন বাতিল হয়ে যায়। ইসির কাছে আপিলে প্রায় আড়াইশো প্রার্থী প্রার্থিতা ফিরে পায়।

এবার কুমিল্লা-৩ আসনে সর্বোচ্চ ১৫ জন ও সর্বনিম্ন কয়েকটি জেলায় তিনজন করে প্রার্থী রয়েছেন। ইতোমধ্যে সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। নির্বাচন কমিশন সংসদ নির্বাচনের জন্য ৬৪টি প্রতীক সংরক্ষণ করেছে। এর মধ্যে ৩৯টি নিবন্ধিত দলকে নিজের প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের অবশিষ্টগুলো থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

নির্বাচনী আচরণ বিধিমালা অনুযায়ী, প্রতীক পেয়েই প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় আনুষ্ঠানিকভাবে নামতে পারেন। প্রতীক পেয়েই প্রার্থীরা প্রচারণা শুরু করে দিয়েছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, এবার ১৯ দিন প্রচার কাজ চালানোর জন্য সময় পাচ্ছেন প্রার্থী-সমর্থকরা। কেননা, প্রচার কাজ বন্ধ করতে হবে ২৮ ডিসেম্বর মধ্য রাত ১২টায়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টি সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে। আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।