শ্লীলতাহানির চেষ্টা রাবিতে ফের বিক্ষোভ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৯

রাবি সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার প্রতিবাদে চার দফা দাবি জানিয়ে ফের বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

রবিবার সকাল ১০টায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে এসে সমাবেশ করেন। সমাবেশ শেষে উপাচার্য বরাবর চার দফা দাবিতে প্রক্টর অধ্যাপক লুত্ফর রহমানের কাছে স্মারকলিপি জমা দেন।

প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর নগরের যোজক টাওয়ার বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ বিথিকা বণিকের বাসায় যৌন হয়রানির শিকার হয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক ছাত্রী। এ ঘটনায় শিক্ষক বিথিকা বণিকের ভাই অভিযুক্ত শ্যামল বণিককে পুলিশ আটক করে। শিক্ষার্থীরা বিক্ষোভ করলে ২৭ সেপ্টেম্বর প্রশাসন বিথিকা বণিককে তার প্রাধ্যক্ষ পদ থেকে অব্যাহতি দেয়।