পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য শাখা গতকাল রবিবার এই নিষেধাজ্ঞা আরোপ করে। এর আগে গত ১৩ সেপ্টেম্বর ভারতে বন্যার কারণে পেঁয়াজের উত্পাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটি পেঁয়াজ রপ্তানিতে ন্যূনতম মূল্য প্রতি টন ৮৫০ ডলারে বেঁধে দেয়। এখন এই প্রয়োজনীয় পণ্যটির রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো।
বর্তমানে রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি আমদানিকৃত পেঁয়াজ ৭০ টাকা ও দেশি পেঁয়াজ ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। যা গত এক মাসের ব্যবধানে কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেশি। রপ্তানি বন্ধ হওয়ায় এর দাম আরো বাড়তে পারে বলে সংশ্লিষ্টদের আশঙ্কা।
ইত্তেফাকের হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা জানিয়েছেন, রপ্তানি বন্ধ হওয়ায় গতকাল বিকাল ৩টার দিকে ভারতীয়
পেঁয়াজ বোঝাই ১৪টি ট্রাক বন্দরে প্রবেশের পর আর কোনো ট্রাক আসেনি। বন্দরের
ব্যবসায়ী মোবারক হোসেন জানান, ভারতের হিলির স্থানীয় ব্যবসায়ীরা আমাদের ফোন করে জানিয়েছেন ভারতে ব্যাপকভাবে বন্যা দেখা দিয়েছে। সেখানে পেঁয়াজের সংকট হওয়ায় দাম কয়েক গুণ বেড়ে গেছে। তাই রবিবার বিকাল ৪টার পর পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, ১০-১২টি ট্রাক বন্দরের গেট দিয়ে প্রবেশ করতে গেলে কাস্টমস কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা সেগুলো ফিরিয়ে নিয়ে গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বিকালে ১৪টি ভারতীয় ট্রাকে ২৬৮ টন পেঁয়াজ আমদানি হয়েছে। আর কোনো ট্রাক বন্দরে প্রবেশ করেনি। গত শনিবার ১৯টি ট্রাকে ৪৩৭ টন পেঁয়াজ আসে। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের খবরে বন্দরের পানামা পোর্টে পাইকারিতে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। কেজিতে বেড়েছে ২৫ টাকা। শনিবার বেচাকেনা হয়েছে ৪৭ থেকে ৫০ টাকায়।
