সরকার একদলীয় শাসনের দিকে এগিয়ে যাচ্ছে

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৭

সরকারকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এরা হচ্ছে সেই লোক, যারা জনগণকে বোকা ভাবে। গণতন্ত্র বন্ধ করে আজ তারা দেশে একদলীয় শাসনের দিকে যাচ্ছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে নিজেরা ভোট ডাকাতি করছে।’ তিনি আরো বলেন, ‘স্বাধীনতার মূল চেতনাই ছিল গণতন্ত্র। আমরা সেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই। মানুষের অধিকার ফিরিয়ে আনতে চাই। ভোট ডাকাতি করে, জনগণকে বন্দি করে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন প্রতিরোধ করা যাবে না। বিগত নির্বাচনের আগে বিএনপি নেতাকর্মীদের ওপর চাপিয়ে দেওয়া মামলা ও নির্যাতনের বর্ণনা দিয়ে তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতার মামলা দিয়ে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। জনগণের ক্ষমতা জনগণকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে। গতকাল রবিবার বিকালে রাজশাহীর মাদ্রাসা ময়দানসংলগ্ন সড়কে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সমাবেশে তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি চাইলে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। বাংলাদেশ, বাংলার মানুষকে রক্ষা এবং খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারকে পরাজিত করতে হবে। সরকারের পদত্যাগ দাবি করে তিনি বলেন, পার্লামেন্ট ভেঙে দিয়ে সকলের অংশগ্রহণে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নতুন নির্বাচন দিতে হবে।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, মিজানুর রহমান মিনু ও কামরুল মনির, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির সাবেক সভাপতি নাদিম মোস্তফা, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। সমাবেশ পরিচালনা করেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।