১০ বছরে ৯ লাখ হাজার কোটি টাকা পাচার হয়েছে :মেনন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৭

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, গত ১০ বছরে ৯ লাখ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। ঐ টাকা দিয়ে দেশে দুটি বাজেট দেওয়া যেত। দেশের সব সম্পদ ২ শতাংশ লোকের কাছে রয়েছে। মানুষের মধ্যে চরম বৈষম্য হানাহানি চলছে। এ দেশে এখন উন্নয়নের নামে চলছে হরিলুট। দুর্নীতি সর্বগ্রাসী রূপ নিয়েছে। দুর্নীতি দূর করতে না পারলে কোনো দিনই এ দেশের উন্নয়ন সম্ভব নয়। গতকাল রবিবার পিরোজপুরে ওয়ার্কার্স পার্টির জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেনন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দেওয়া হয়েছে। ৪২০ জনকে ক্রফায়ারে মারা হলো। কিন্তু মাদককে নির্মূল করা যায়নি। মাদকের গডফাদারকে এমপি নমিনেশন দেওয়া হয়েছিল। যুবকেরা চাকরি না পেয়ে হতাশ হয়ে ইয়াবায় ডুব দিয়েছে। তিনি আরো বলেন, ‘যাদের রাজনীতির কারণে মুক্তিযুদ্ধ-পরবর্তী রাজনীতি ও গণতন্ত্রকে ছিন্নভিন্ন করে কুখ্যাত স্বাধীনতাবিরোধী সাঈদীরা ক্ষমতায় এসেছিল—তাদের হাতে দেশ নিরাপদ নয়। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে সঙ্গে নিয়ে রাজনীতির ধারা পরিবর্তন করতে আমরা ওয়ার্কার্স পার্টি ঐক্যবদ্ধ রয়েছি।’ তিনি বলেন, স্বাধীনতার ৪৮ বছর পরেও সমতাভিত্তিক সমাজ গড়া যায়নি। মানুষের মধ্যে চরম বৈষম্য ও হানাহানি চলছে। ২০১৪ সালে সংবিধানের মূল চার নীতি ফিরিয়ে আনলেও এখনো সমতা আসেনি।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক খান মো. রুস্তুম আলীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন—ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু, ভাণ্ডারিয়ার সভাপতি আবুল কালাম হাওলাদার, জেলা ১৪ দলের পক্ষে জেলা জাসদের সভাপতি চিত্ত রঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ডালিম, চন্দ্র শেখর হালদার, মঠবাড়িয়ার তরিকুল ইসলাম, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব রতন চক্রবর্তী প্রমুখ।