হাজার হাজার সৌদি সেনা আটক, হামলার ভিডিও প্রকাশ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১০:০০

সৌদি আরবের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাদের দাবি, এই অভিযানে সৌদির কয়েক হাজার সেনা, সামরিক সরঞ্জাম ও সাঁজোয়া যান আটক করেছে তারা। প্রমাণ হিসেবে হুতি বিদ্রোহীরা অভিযানের ভিডিও প্রকাশ করেছে। 

ভিডিওতে সৌদি সেনা বহরের যানবাহন দেখানো হয়েছে। অস্ত্র এবং গোলাবারুদসহ সাঁজোয়া যান দেখিয়ে হুতিরা বলছে, দক্ষিণ নাজরান অঞ্চলে এই হামলা চালিয়েছে তারা। তবে ভিডিওতে যে সব সৌদি সেনাদের দেখানো হয়েছে তারা কোনো উর্দি পরিহিত ছিল না। আটক আবার কয়েকজন নিজেদের সৌদি সেনা বলে দাবি করছে বলে ভিডিওতে দেখানো হয়। কিন্তু তাদের এই ভিডিওটির গ্রহণযোগ্যতা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। এদিকে সৌদি আরবের কাছ থেকেও ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়নি। তবে এই হামলা যদি সত্য হয়, তাহলে সৌদি আরবের জন্য এটি হবে ভয়াবহ ঘটনা। 

ইরানের প্রেস টিভিতে বলা হয়েছে, হুতি বাহিনী যে ভিডিও প্রকাশ করেছে তাতে সৌদির কোন এলাকায় তারা অভিযান চালিয়েছে তা পরিষ্কার বোঝা যাচ্ছে। এছাড়া হুতি যোদ্ধারা যে গোলাবর্ষণ করছে তার দৃশ্যও রয়েছে।

রবিবার ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি দাবি করেন, তারা সৌদি আরবের সীমান্তে একটি বড় আক্রমণ চালিয়েছে। প্রমাণ দিয়েই তারা দুই হাজারেরও বেশি সৌদি সেনাকে বন্দী করেছে।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর সৌদির বড় দুইটি তেল ক্ষেত্রে হামলা চালায় বলে দাবি করে হুতি বিদ্রোহীরা। তবে সৌদির অভিযোগ, তেল ক্ষেত্রে হামলা চালিয়েছে ইরান। 

সূত্র: আলজাজিরা, ভয়েস অব আমেরিকা

ইত্তেফাক/জেডএইচ