সেই বৃদ্ধার ঠাঁই হচ্ছে আপননিবাস বৃদ্ধাশ্রমে

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ০০:৪৩

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

গত বৃহস্পতিবার চাষাঢ়া রেলওয়ে স্টেশনে ফেলে যাওয়া বৃদ্ধা জুলেখা বেগমের সচিত্র প্রতিবেদন গতকাল সোমবার দৈনিক ইত্তেফাকে প্রকাশের পর ঢাকার উত্তরখান থানায় অবস্থিত আপননিবাস বৃদ্ধাশ্রমের নির্বাহী পরিচালক সৈয়দা সেলিনা শেলি এই প্রতিনিধির সাথে যোগাযোগ করে বৃদ্ধা জুলেখার দায়িত্ব নেয়ার আগ্রহ প্রকাশ করেন। বৃদ্ধা জুলেখা বর্তমানে ফতুল্লা থানার মাসদাইরে তার নাতনি জামাই আমজাদ হোসেনের আশ্রয়ে রয়েছেন। গতকাল সোমবার সকালে সংবাদ প্রকাশের পর এলাকাবাসীর চাপে আমজাদ জুলেখাকে তার বাড়িতে নিয়ে যান। গতকাল ইত্তেফাকে জুলেখাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের পর কতিপয় সমাজসেবীর সহায়তায় খোঁজ নেয়া হয় বৃদ্ধার ছেলে আবুল ও তার স্ত্রী বাতাশীর, যারা ওই জুলেখাকে অমানবিকভাবে সেই রেলওয়ে স্টেশনে ফেলে গিয়েছিল। খোঁজ নিয়ে জানা যায়, মাসদাইরের ঘোষেরবাগ এলাকায় আবুলের দ্বিতীয় পক্ষের স্ত্রী বাতাশীকে নিয়ে বসবাস করে আবুল। আবুল স্থানীয় লোহার মার্কেটের শ্রমিক। ঘটনাস্থল থেকে বৃদ্ধাকে উদ্ধার করা কিছু শিক্ষার্থী ও আশেপাশের কিছু লোকজন ঠিকানা অনুযায়ী আবুলকে খুঁজতে গেলে তার ঘরে তালা ঝুলানো দেখতে পায়।