ইত্তেফাক ডেস্ক
ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) গভর্ণর উর্জিত প্যাটেল পদত্যাগ করেছেন। গতকাল সোমবার তিনি সরকারের কাছে পদত্যাগপত্র দিয়েছেন। পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখানো হলেও বিশেষজ্ঞ মহলের ধারণা, রিজার্ভ ব্যাংকের কাজকর্মে সরকারি হস্তক্ষেপই এর কারণ। আরবিআই’র তহবিলের একটা অংশ সরকারি কোষাগারে স্থানান্তরিত করার জন্য কিছুদিন ধরেই চাপ ছিল উর্জিতের উপর। তবে এজন্য আরবিআই’র নীতিগত কিছু পরিবর্তনের প্রয়োজন ছিল। তবে সেই পরিবর্তনের পক্ষে সায় ছিল না উর্জিতের। যদিও রিজার্ভ ব্যাংকের বোর্ডে কেন্দ্র প্রভাবিত সদস্যদের একাংশ নানাভাবে চাপ সৃষ্টি করছিলেন। এই টানাপোড়েনেই কার্যত সরে যান উর্জিত। ২০১৬ সালে আরবিআর’র গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উর্জিত। ২০১৯ সালের সেপ্টেম্বরে তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। - আনন্দবাজার পত্রিকা
