শিক্ষকদের জন্য আয়ের উত্স হচ্ছে ইনস্ট্রাক্টরি

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১৭:৩৫

রফিকুল ইসলাম

 

আলোকিত মানুষ গড়ার স্বপ্ন নিয়ে ২০১৪ সালে শিক্ষকতা পেশায় যোগদান করেন নাসের আহমেদ।

ঠাকুরগাঁওয়ের সুবিধাবঞ্চিত একটি এলাকার বেসরকারি একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তার শিক্ষাজীবনের পথচলা শুরু। পড়াতেন গণিত। শিক্ষকতা করাটা ছিল তার নেশা। ছোটোবেলা থেকেই গ্রামের শিশু থেকে বুড়ো—সবাইকেই কিছু না কিছু শেখাতেন। তাই তার এই পেশায় আসা।  কিন্তু কিছুদিনের মধ্যেই স্মৃতিভ্রম হয়। কারণ তিনি মন-প্রাণ দিয়ে ছাত্রছাত্রীদের পড়াতেন। শিক্ষার্থীরা ভালো ফলাফল করলে তারও ভালো লাগত। কিন্তু জীবন-সংসারে চলার জন্য যেটুকু আর্থিক সহায়তা দরকার ছিল, তা কোনোমতেই উপার্জন করতে পারছিলেন না। তাই সিদ্ধান্ত নিলেন প্রাইভেট পড়াবেন। ব্যাচ করে প্রাইভেট পড়াতেন। কিন্তু ছাত্রছাত্রীদের অবিভাবকদের অবস্থা এতটা ভালো ছিল না যে প্রাইভেট পড়াবেন। তাই খুবই অল্প মূল্যে তাদের পড়াতে হতো। তাই খোঁজ করতে থাকেন ভালো কিছুর।

জীবনমুখী শিক্ষার অভাব, ভালো শিক্ষকদের কাছ থেকে শিক্ষার সুযোগ জরাজীর্ণ এই শিক্ষাব্যবস্থায় রয়েছে জীবনমুখী শিক্ষার অভাব। সুবিধাবঞ্চিত এলাকা থেকে এসে ভালো শিক্ষকদের শরণাপন্ন হয়ে ভবিষ্যত্ কর্মক্ষেত্রের জন্য প্রস্তুতি নিতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নিজের দক্ষতা তৈরি করে নেওয়ার তাগিদ বাড়ছে তরুণ সমাজের মধ্যে। এসব দক্ষতা অর্জন করতে মানুষ অফলাইনের চেয়ে এখন অনলাইনমুখী হচ্ছে বেশি—সময় ও অর্থ দুটোই এতে সাশ্রয় হয়। ঠিক তেমনিভাবে অনলাইনে শিক্ষা প্রদানের সুযোগ ঘটলে নাসের আহমেদের মতো শিক্ষকদের জন্য তা হয় আশীর্বাদস্বরূপ। এই চাহিদার সঙ্গে তাল মিলিয়ে এবং শিক্ষার্থী ও শিক্ষকদের একই প্ল্যাটফরমে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন একদল স্বপ্নবান তরুণ-তরুণী।

প্রতিষ্ঠা করেছেন ‘ইনস্ট্রাক্টরি’ নামক একটি অনলাইন টিচিং মার্কেট প্লেস। ইনস্ট্রাক্টরি হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য অনলাইনে শিক্ষকতা ও উপার্জনের বিশ্বস্ত একটি মাধ্যম। 

এর মূল লক্ষ্যই হচ্ছে বাংলাদেশের সব শিক্ষককে একীভূতকরণ। এটি এমন একটি প্ল্যাটফরম, যেখানে শিক্ষকগণ খুব সহেজই তাদের কোর্সগুলো সবার সঙ্গে শেয়ার করার মাধ্যমে অধিক আয় করতে পারেবন এবং শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ের ওপর অনলাইন ভিডিও কোর্সের মাধ্যমে ভবিষ্যতের প্রস্তুতি গ্রহণ করতে পারবেন।

ইনস্ট্রাক্টরিতে শিক্ষকতা শুরু করতে হলে আপনাকে প্রথমে www.instructory.net-এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আপনি যে বিষয়গুলোতে পারদর্শী বা দক্ষ, সেই বিষয়গুলো রেকর্ড করে ভিডিও বানাবেন এবং আপলোড করবেন। আপনি আপনার কোর্সের নাম দিতে পারবেন, মূল্য দিতে পারবেন, কোর্স সম্পর্কে বিস্তারিত লিখতে পারবেন। তারপর আপনার আপনজন অথবা শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করতে পারবেন এবং তারাও একইভাবে ইনস্ট্রাক্টরিতে একাউন্ট খুলতে পারবে, আপনার কোর্স পেজে গিয়ে কোর্স কিনতে পারবে। বিকাশ, ভিসা কার্ড, মাস্টার কার্ড, মোবাইল ব্যাংকিং এবং নেট  ব্যাংকিংয়ের মাধ্যমে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে যে কেউ যেকোনো শিক্ষকের ভিডিও কোর্স কিনতে পারবেন। ইনস্ট্রাক্টররা প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে তাদের টাকা বিকাশের মাধ্যমে উত্তোলন করতে পারবেন।

২০১৭ সালে শিখবে সবাই-এর সিইও রিফাত এম হক তার সহকর্মীদের সঙ্গে ইনস্ট্রাক্টরির আইডিয়া শেয়ার করেন এবং তা নিয়ে দুই বছর তার পুরো টিমসহ রিসার্চ করতে থাকেন। আস্তে আস্তে ইনস্ট্রাক্টরি গড়ে উঠতে থাকে।

২০১৯ সালের মে মাসে তারা পূর্ণাঙ্গ অনলাইন মার্কেট প্লেস হিসেবে আত্মপ্রকাশ করেন। খুব দ্রুতই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষক ও  শিক্ষার্থী এবং তরুণ পেশাজীবীদের, বিশেষ করে আইটি প্রফেশনালদের মধ্যে এটি জনপ্রিয় হয়ে ওঠে। ইনস্ট্রাক্টরির লক্ষ্য সবার জন্য মানসম্মত শিক্ষকদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, কর্মমুখী শিক্ষার প্রসার ঘটানো, দেশে বেকারত্ব দূর করা, দক্ষ জনবল তৈরি করা, আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা। ইনস্ট্রাকরির দুই বছরের যাত্রায় টিমে রয়েছেন রিফাত এম হক (সিইও), জামিয়ার সামস (বিজনেস হেড), হোসনা আরা কলি (অপারেশন হেড), নুরুল আমিন (হেড অফ টেক), নাহিদ নাইম (ইউএক্স ডিজাইনার), শুভ পল (ইউআই ডিজাইনার) এবং নুজহাত ইয়াসমিন (ডিজিটাল মার্কেটিং)। তারা সবাই ইনস্ট্রাক্টরিকে সামনের দিকে এগিয়ে নিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

এই চার মাসে প্রায় ৪৩ জন ইনস্ট্রাক্টর নিয়ে ইনস্ট্রাক্টরি অনলাইন টিচিং মার্কেটপ্লেস কাজ করে যাচ্ছে। এ বছরের শেষ নাগাদ প্রায় ১০০ জন ইনস্ট্রাক্টর পুরো বাংলাদেশ থেকে তাদের শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার জন্য ইনস্ট্রাক্টরিতে যোগদান করবেন বলে ইনস্ট্রাক্টরি টিম আশাবাদী।