ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন!

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ২১:২২

আটকের পর কারাগারে

 সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালীর সেনবাগের মইজদীপুরে মিথ্যা অপহরণের মামলা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন শাহাদাত্ হোসেন বাবলু (৩২)। সোমবার দিনগত গভীররাতে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সেনবাগ থানা পুলিশ কথিত অপহরণের শিকার বাবলুকে উদ্ধার করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে সে বিষয়টি স্বীকার করে। তাকে মঙ্গলবার নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে সেনবাগের পার্শ্ববর্তী ঘাটলা গ্রামের বাবলুর স্ত্রী মারজাহান পরিকল্পিতভাবে স্বামী বাবলুকে ফেনীতে সরিয়ে অপহরণের নাটক সাজিয়ে সেনবাগ থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সেনবাগ থানা পুলিশ রবিবার গভীররাতে সেনবাগের কাবিলপুর ইউপির মইজদীপুর গ্রামে ভাইয়ের শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে তালই সাবেক ইউপি মেম্বার মো. হারুন (৫০), দেবর জহির উদ্দিন (২৮) ও তার স্ত্রী সুফিয়া আক্তারকে আটক করে। আটককৃতরা বলেন, পারিবারিক কলহের জের ধরেই মিথ্যা মামলা দিয়ে অপহরণের নাটক সাজায়।

পরে সোমবার দিবাগত রাতে পুলিশ বাবলুকে চৌমুহনী রেললাইন এলাকা থেকে আটক করেন। পরে গতকাল মঙ্গলবার দুপুরে সেনবাগ থানার এসআই গৌর সাহা বাদী হয়ে অপহরণের নাটক সাজানো বাবলু ও তার স্ত্রী মারজাহানকে আসামি করে থানায় মামলা রুজু করেন। দুপুরে বাবলুকে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সেনবাগ থানার ওসি (তদন্ত) আব্দুল আলী পাটোয়ারি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইত্তেফাককে ঘটনাটি নিশ্চিত করেছেন।