রাজধানীর উত্তরায় জমজম কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হল তিনদিনব্যাপী রাগসংগীত কর্মশালার সমাপনী অনুষ্ঠান। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও ইন্দিরাগান্ধী কালচারাল সেন্টার, ভারতীয় দূতাবাস, বাংলাদেশ-এর সহযোগিতায় এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতির পত্নী বিশিষ্ট শিক্ষাবিদ বেগম রাশিদা হামিদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইন্দিরাগান্ধী কালচারাল সেন্টার, ভারতীয় দূতাবাসের পরিচালক ড. নিপা চৌধুরী সহ কর্মশালার পরিচালক ভারতের প্রখ্যাত রাগসংগীত গুরু পণ্ডিত সারথী চ্যাটার্জি, শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্ত, ভাইস চেয়ারম্যান ডা. আহসানুল কবীর ও শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী মো. মফিজুর রহমান-সহ সংগীত বিভাগের বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টিবৃন্দ এবং বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
গত ২৬ সেপ্টেম্বর শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ক্রিয়েটিভ হাবে এক বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় এ অনুষ্ঠান। কর্মশালা পরিচালনা করেন পণ্ডিত সারথী চ্যাটার্জি। সমাপনী অনুষ্ঠানে রাগসংগীত পরিবেশন করেন এই গুনী শিল্পী। —প্রেস-বিজ্ঞপ্তি
