কোনো ব্যক্তি বা গোষ্ঠী¬ নয় অপরাধীর বিরুদ্ধে এই অভিযান :কাদের

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ২২:২৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, চলমান দুর্নীতিবিরোধী অভিযান কোনো দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়। অপরাধীর বিরুদ্ধে দুর্নীতিবিরোধী এ অভিযান চলছে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। মন্ত্রী আরো বলেন, যারাই দুর্নীতি, অনিয়ম ও ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধেই অভিযান চলবে। কাউকে ছাড় দেওয়া হবে না। দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে অভিযান যখন শুরু হয়েছে, এর শেষটাও দেখে নেওয়া হবে। ওবায়দুল কাদের বলেন, দলে অনুপ্রবেশকারীরা নজরদারিতে আছেন। দলের পরিচয়ে যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চলছে, চলবে এবং দলের বাইরেও এ অভিযান চলবে। ঢাকার ক্লাবে অবৈধ ক্যাসিনো পরিচালনায় যুক্ত মহানগর যুবলীগ লীগের এক শীর্ষ নেতাকে কেন গ্রেফতার করা হচ্ছে না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, যিনি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি নিজেই বলেছেন, ওয়েট অ্যান্ড সি। কাজেই একটু ওয়েট করেন, এত তাড়াহুড়ো করছেন কেন?